নাটকে বিসিএস ক্যাডার ফারহান, একের পর এক ভুল ধরলেন দর্শক

নাটক দেখতে বসে প্রেমের গল্পে ডুবে গিয়েছিলেন দর্শক। কিন্তু গল্প যত এগিয়েছে, ততই যেন চোখে পড়েছে অন্য এক গল্প বিসিএস ক্যাডার আর ইউএনও পদ নিয়ে বড়সড় ভুল।

মুশফিক আর ফারহান অভিনীত ‘পথের সাথীকে চিনে নিও’ তাই ৫১ লাখের বেশি ভিউ পেলেও এখন প্রশংসার পাশাপাশি সমালোচনাতেও আলোচনায়।

জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নাটকটি ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দরিদ্র মইনের সঙ্গে প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হন।

সমালোচনার শুরু এখানেই। নাটকে দেখানো হয়েছে, বিসিএস ক্যাডার হওয়ার পর চাকরির প্রথম দিনেই মইন ইউএনও পদে যোগ দেন। সচেতন দর্শকদের দাবি, বিষয়টি বাস্তবতার সঙ্গে মেলে না। প্রশাসন ক্যাডারে চাকরির পর বিভিন্ন ধাপ পেরিয়ে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ আসে।

এর পাশাপাশি নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ বলা হয়েছে। দর্শকদের অভিযোগ, বাংলাদেশের সরকারি চাকরিতে এমন কোনো পদ নেই। আবার নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে দেখানো নিয়েও প্রশ্ন উঠেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন দর্শকরা। কেউ নির্মাতাদের ন্যূনতম তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছেন, কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, এবার আসছে অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট!’

তবে এসব সমালোচনা নিয়ে এখনও নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *