গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তৈরি ‘নাজা’, নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জেতার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার। তথ্যচিত্রটির দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোরের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্যচিত্রটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন জোহার। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির পুরস্কার জয়কে ‘বিস্ময়কর’ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের প্রশংসা পাওয়ার জন্য নির্মাতারা ইসরায়েলের ক্ষতি করছেন।

জোহার আরও বলেন, নির্মাতাদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার’ শামিল।

ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী লিখেছেন, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য এসব নিন্দনীয় নির্মাতার ইসরায়েলি নাগরিকত্ব বাতিল করতে আমি অবিলম্বে পদক্ষেপ নেব।’

আল জাজিরার প্রতিবেদন সূত্রে,৮০ মিনিটের তথ্যচিত্র ‘নাজা’-তে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক বিবরণ অনুযায়ী, তথ্যচিত্রটিতে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যায় এআই-নির্ভর ব্যবস্থার ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে।

ভেনিসে তথ্যচিত্রটির প্রিমিয়ারে প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকেরা। তথ্যচিত্রটিতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন সদস্যের সাক্ষাৎকারও রয়েছে। নিরাপত্তার কারণে তারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেন।

সাক্ষাৎকারে ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই ব্যবস্থা নিয়ে তথ্য তুলে ধরা হয়। নির্মাতাদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তু হত্যার সিদ্ধান্ত নিতে ব্যবস্থাটি ব্যবহার করা হয়েছে।

নির্মাতা ইউভাল আব্রাহাম জানিয়েছেন, পশ্চিমা দেশগুলোর সরকারগুলোকে ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবতে উৎসাহিত করবে-এমন প্রভাব ফেলাই তাদের তথ্যচিত্রের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *