‘মাসাকালি’ শ্রোতাপ্রিয় এই গানটির সঙ্গে জড়িয়ে আছে বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘দিল্লি-৬’-এর নাম। তবে গানটির জন্ম হয়েছিল অন্য একটি সিনেমার জন্য।
চমকে দেওয়ার মতো তথ্যটি সম্প্রতি জানিয়েছেন নির্মাতা ফারাহ খান। তাঁর দাবি, এ আর রহমান মূলত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’-এর জন্যই গানটি তৈরি করেছিলেন।
ফারাহ জানান, ‘ওম শান্তি ওম’-এর সংগীত পরিচালনার জন্য প্রথম পছন্দ ছিলেন এ আর রহমান। পরে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় সংগীত পরিচালনার দায়িত্ব পান বিশাল-শেখর।
সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগের নতুন পর্বে বিশাল দাদলানির খামারবাড়িতে গিয়ে আড্ডার সময় পুরনো সেই ঘটনা সামনে আনেন ফারাহ।
দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে ফারাহ জানান, ‘ওম শান্তি ওম’-এর সংগীত নিয়ে তিনি প্রথমে এ আর রহমানের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন। সেই কাজ না হলে দ্বিতীয় পছন্দ হিসেবে বিশাল দাদলানি ও শেখরের কথা ভেবেছিলেন তিনি।
ফারাহর সেই পরিকল্পনার কথা শুনে তখন বিশাল জানিয়েছিলেন, তিনি আশা করেন রহমানের সঙ্গে কাজটি সফল হবে।
এমনকি প্রয়োজন হলে তাঁরা দুজন রহমানের সহকারী হিসেবেও কাজ করতে রাজি ছিলেন।
এরপরই ফারাহ জানান, রহমান তখন ‘ওম শান্তি ওম’-এর জন্য একটি গানও তৈরি করে ফেলেছিলেন।
ফারাহ বলেন, ‘রহমান ‘ওম শান্তি ওম’-এর জন্য প্রথম যে গানটি তৈরি করেছিলেন, সেটি ছিল ‘মাসাকালি’! আমি জানি না আমি এটা কোথায় রাখব, কিন্তু আমি গানটা এবং শব্দটা ভালোবাসি।’
বিশাল দাদলানি মজা করে বলেন, শেষ পর্যন্ত তিনি ও শেখর ‘ওম শান্তি ওম’-এর সংগীত পরিচালনার দায়িত্ব না পেলেও সিনেমাটির সংগীত দুর্দান্ত হতো।
জবাবে ফারাহ বলেন, বিশাল ও শেখরের কারণেই সিনেমাটির সংগীত এতটা জমজমাট হয়েছিল।
বিশালও সিনেমাটির সংগীতের প্রসঙ্গ টেনে বলেন, ‘ওম শান্তি ওম-এ যে বিশাল, মসলাদার সংগীত ছিল, সেটাই একমাত্র। এটাই শেষ! বলিউডের চিরাচরিত মসলাদার সংগীত এটাই; এখনো আমি এমন রিল পাই যেখানে ব্যাখ্যা করা হয়, কিভাবে আমরা সেই সময়ে এআই ছাড়াই ‘ধুম তানা’ তৈরি করেছিলাম, যখন এআই-এর অস্তিত্বই ছিল না। ভিজ্যুয়ালগুলো! ওরা কিভাবে ওগুলো তৈরি করেছিল? আমরা শুধু কাজটা করেছিলাম এবং মজা করছিলাম।’
পরবর্তীতে এ আর রহমানের তৈরি ‘মাসাকালি’ গানটি জায়গা করে নেয় রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমা ‘দিল্লি-৬’-এ। অভিষেক বচ্চন ও সোনম কাপুর অভিনীত সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে, অর্থাৎ ‘ওম শান্তি ওম’ মুক্তির এক বছর পর।
প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ পরিচালনা করেন ফারাহ খান। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি অভিনয় করেন অর্জুন রামপাল, শ্রেয়াস তালপাড়ে ও কিরণ খের।
