পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার যারা বোঝেন না, তারাই রাজনীতির মাঠে ফ্যাসিবাদী আচরণের মতো অশালীন ও অশ্লীল বক্তব্য দিচ্ছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সংসদে আমীর সাহেব বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি-কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে। কোন ইতররা এ অপকর্ম করেছে, তাদের গ্রেপ্তারের জন্যও তিনি আবেদন জানিয়েছেন। অথচ পাটওয়ারী সাহেব এতদিন তারেক জিয়া ও জিয়া পরিবারকে টার্গেট করে অশালীন বক্তব্য দিয়ে আসছেন। ব্যক্তিগতভাবেও আমাদের তুই-তুকারি করে অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছেন। তখন আমীর সাহেব বা তার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া কেউ একবারও তাকে বারণ করেছেন কি না?’
এ্যানি আরও বলেন, ‘একটা ছেলে এমন কিছু গালিগালাজ করেছে, তার নাম মুখে নিতে চাই না। আমীর সাহেব লংমার্চে গিয়ে বলেছেন, ভালোই ভালোই ছেড়ে দেন। আবার সংসদে বলেছেন অন্য কথা। লংমার্চে গিয়ে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধেও কথা বলা হয়েছে, স্লোগান দেয়া হয়েছে-হৈ হৈ রৈ রৈ, এরা গেলি কই। এগুলোই পাটওয়ারী সাহেবদের বক্তব্য।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমীর সাহেবের নেতৃত্বেই এমন অশালীন, অশ্লীল ও বিবেকবর্জিত বক্তব্য রাজনীতিতে প্রতিষ্ঠা করা হচ্ছে, যেগুলো রাজনীতি ও সমাজে গ্রহণযোগ্য নয়।’
র্যালিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সদর পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
