এখন পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে,আগামী বছর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না: কৃষিবিদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ আব্দুর রহিম বলেছেন, আগামী বছর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। এখন পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে আরও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে। নিজেদের উৎপাদিত পেঁয়াজ, দেশের চাহিদা পূরণ করবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চারা বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুর রহিম বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও কৃষি বৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে এই চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকায় সবুজায়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ১৩ টি জেলার ৩০ টি উপজেলায় এ প্রকল্প চলছে। ২৫ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।’

ব্র্যাক ব্যাংক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জের হরিরামপুরে প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতি ও সমিতির পার্শ্ববর্তী কৃষক কৃষাণিদের মাঝে ১০ জাতের গাছের চারা বিতরণও করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পি.এস.এস) ও প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, হরিরামপুর উপজেলা কৃষি অফিসার মো তৌহিদুজ্জামান খানসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *