স্মার্টফোন ও অ্যাপের আসক্তি থেকে দূরে থাকতে পারছেন না হলিউড অভিনেতা: অ্যান্ড্রু

প্রকাশ্যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি না থাকলেও স্মার্টফোন ও অ্যাপের আসক্তি থেকে দূরে থাকতে পারছেন না হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা স্বীকার করেছেন, তার একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং তিনি সেটিতে মারাত্মকভাবে আসক্ত।

ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ‘অ্যামেজিং স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা জানান, তার ফোনের দৈনিক স্ক্রিন টাইমের হিসাব দেখে তিনি নিজেই আতঙ্কিত হয়ে পড়েন। ইনস্টাগ্রামে মূলত বিভিন্ন জাপানি কারুশিল্প ও মৃৎশিল্পের ভিডিও দেখতে দেখতে তার প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় অপচয় হয়ে যাচ্ছে। অ্যাপগুলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করার জন্যই তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্মার্টফোনের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে গারফিল্ড জানান, আসক্তি এতটাই বেড়েছে যে মাঝেমধ্যে তার ইচ্ছা হয় ফোনটি ভেঙে সমুদ্রে বা জঙ্গলে ফেলে দিতে।

তিনি বলেন, ফোন কাছে থাকলেই মানুষ নিজের অজান্তে প্রযুক্তির কাছে বন্দি হয়ে পড়ে।

উল্লেখ্য, অ্যান্ড্রু গারফিল্ডের নতুন চলচ্চিত্র ‘দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি’-র গল্পও প্রযুক্তি-আসক্ত একটি পরিবারকে কেন্দ্র করে নির্মিত। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর প্রধান স্যাম অল্টম্যানের জীবন নিয়ে তৈরি হতে যাওয়া চলচ্চিত্র ‘আর্টিফিশিয়াল’-এও তাকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *