মন পরিবর্তন করে আর্সেনালে যাত্রা শুরু করেছেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার

চলতি দলবদল মৌসুমের সবচেয়ে হাইভোল্টেজ ড্রামা ‘হুলিয়ান আলভারেজ বনাম আতলেটিকো মাদ্রিদ’ কাহিনিতে নতুন টুইস্ট! রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে উত্তর লন্ডনে টানতে ব্যর্থ হওয়ার পর এবার আলভারেজকে ছিনিয়ে নিতে পুরোদমে ঝাঁপিয়েছে আর্সেনাল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতার সঙ্গে গোপন আলোচনার পর নিজের মন পরিবর্তন করতে শুরু করেছেন ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

আতলেটিকো মাদ্রিদের কর্তাদের সঙ্গে আলভারেজের দূরত্ব এখন চরম পর্যায়ে। ওয়ান্দা মেত্রোপোলিতানো ছাড়তে এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন।


ক্লাবের সিইও মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন অভিযোগ তুলেছিলেন যে আলভারেজকে ভুল পরামর্শ দেয়া হচ্ছে, আর শনিবার কোচ দিয়েগো সিমিওনে দাবি করেন, আলভারেজ কোথাও যাচ্ছেন না এবং ভিলারিয়ালের বিরুদ্ধে রোববারের ম্যাচেই তিনি খেলবেন। তবে স্প্যানিশ মিডিয়ায় জোর গুঞ্জন, সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে আলভারেজের মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ!

আলভারেজের প্রথম পছন্দ ছিল বার্সেলোনায় যোগ দেওয়া, এবং ক্যাটালানরাও তাকে নিতে মুখিয়ে ছিল। তবে স্প্যানিশ লিগের সরাসরি প্রতিদ্বন্দ্বীদের কাছে কোনো অবস্থাতেই তারকা স্ট্রাইকার বিক্রি করবে না বলে সোজা জানিয়ে দিয়েছে অ্যাটলেটিকো বোর্ড। ফলে বাধ্য হয়েই আবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ফেরার দরজা খোলা রাখতে হচ্ছে আলভারেজকে। পরিবারকে কাছে রাখার সুবিধার্থে স্পেনে থাকতে চেয়েলেও ইউরোপের শিরোপাপ্রার্থী দল হিসেবে আর্সেনালের প্রজেক্ট তাকে আকর্ষণ করছে।


আর্সেনাল কোচ আর্তেতা এবং ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বের্তা পুরো গ্রীষ্মজুড়েই আলভারেজের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন। আর্তেতার সেই মিষ্টি কথায় অবশেষে বরফ গলতে শুরু করেছে। দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার ঠিক মুখে এই রোমাঞ্চকর নাটকীয়তা কোন দিকে মোড় নেয় এবং হুলিয়ান আলভারেজ শেষ পর্যন্ত গানার্সদের লাল-সাদা জার্সিতে এমিরেটসে নামেন কি না, তা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *