সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেয়া, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক আলামিন ফারাজি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আলামিন ফারাজিকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে আলামিন ফারাজির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে আলামিন ফারাজি বলেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা হয়েছে। যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকে ভবিষ্যতেও তিনি সরকারের সমালোচনা করবেন বলে জানান।
তিনি বলেন, হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে মানুষের মৌলিক অধিকার উপেক্ষিত ছিল এবং সে সময় বিরোধী মতের মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেননি। হামলা, মামলা, জেল-জুলুম, গুম ও খুনের কারণে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনার কারণ ব্যাখ্যা করে আলামিন ফারাজি গণমাধ্যমকে বলেন, আমি যৌক্তিক এবং ন্যায়ের জায়গা থেকে সরকারের ভুলের সমালোচনা করব, সংশোধনের উদ্দেশ্যে। আমাদের শত্রু ভেবে যদি আগস্ট-পরবর্তী চাটুকারদের বন্ধু মনে করেন, তাহলে এই চাটুকাররাই একদিন সরকারকে ডুবিয়ে দেবে।
তিনি আরও বলেন, দেশের যখন প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমাদের পাবেন রাজপথে, লাঠি হাতে বা কলম হাতে।
