ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে, ৬৪ শতাংশ মানুষ ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় আরও ভাটা পড়েছে। রয়টার্স ও ইপসোসের নতুন জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩৩ শতাংশে নেমেছে। এটি তাঁর বর্তমান মেয়াদে সর্বনিম্ন। একই সঙ্গে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।

রয়টার্স ও ইপসোসের চার দিনের জরিপটি গতকাল সোমবার শেষ হয়। এতে অংশ নেওয়া ৬৪ শতাংশ মানুষ ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। বিপরীতে তাঁকে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ।

চলতি মাসের শুরুতে করা জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৩৫ শতাংশ। বর্তমান মেয়াদে এর আগে কখনোই তাঁর সমর্থন ৩৩ শতাংশের নিচে নামেনি। ২০১৭ সালের ডিসেম্বরেও তাঁর সমর্থন ৩৩ শতাংশে নেমেছিল। সেটিই ছিল তাঁর প্রথম মেয়াদের সর্বনিম্ন।

২০২৫ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার সময় ট্রাম্পের প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক মানুষের সমর্থন ছিল। তবে চলতি বছর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর তাঁর জনপ্রিয়তা কমতে থাকে। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।

এই সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। বিশ্বে তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এতে বাধাগ্রস্ত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে। এতে দেশটির সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টায় থাকা ট্রাম্পের রিপাবলিকান পার্টিও চাপে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *