ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল ও পরমব্রত দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। একের পর এক সফল সিনেমা উপহার দেওয়া এই জুটি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর এক নতুন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন- শোনা যাচ্ছে এমনটাই।

‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ কিংবা ‘যকের ধন’ সিরিজের মতো জনপ্রিয় এবং ব্যবসা সফল চলচ্চিত্রে পরমব্রত ও কোয়েল জুটির রসায়ন দর্শকদের দারুণভাবে আপ্লুত করেছিল। এর আগে পরমব্রতের পরিচালনায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কোয়েল।

সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ ছবিটি সফলতা পেয়েছে এবং পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ সিনেমায়। ফলে ওটিটি প্ল্যাটফর্মে এই দুই তারকার নতুন সফর নিয়ে ইতিমধ্যেই টলিউডপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

ইন্ডাস্ট্রি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরমব্রতের পরিচালনায় হইচই স্টুডিওজের নতুন সিনেমার নাম হতে পারে ‘বীর পুরুষ’। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের ভূমিকাও সামলাবেন পরমব্রত নিজে।

ইতোমধ্যে ছবিটির চিত্রগ্রহণ শুরু হয়েছে বলে গুঞ্জন থাকলেও এ বিষয়ে পরমব্রত বা কোয়েল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো শিল্পীরা থাকতে পারেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *