ঘুমের মধ্যেই মারা গেছেন ৩৫ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ

ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’ ও ‘ঘোস্ট’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার

অনন্যার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার তাঁর পরিবারের সদস্যরা অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানান।

বিবৃতিতে পরিবারের সদস্যরা লিখেছেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেসব কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে সে।’

মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে তাঁর পরিবার। তাঁকে ‘দৃঢ়চেতা মেয়ে’ হিসেবে উল্লেখ করে পরিবারের সদস্যরা বলেন, অনন্যা নিজের জীবন নিজের মতো করে, ‘রানির মতো’ বাঁচতেন।

পরিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে অনুরোধ করছি, তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’

অনন্যা রাজ শুধু সিনেমাতেই অভিনয় করেননি। বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গেছে। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘দ্য ফাইনাল এক্সিট’ও তাঁর অভিনীত সিনেমাগুলোর একটি।

তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানিয়েছে, মৃত্যুর আগে এক বছরের বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক অস্বস্তির সঙ্গে লড়াই করছিলেন। অনন্যার মৃত্যুর খবর প্রকাশের পর তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে এ সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *