পোস্টারের পর প্রকাশ পেয়েছে চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’র টিজার

পোস্টারের পর প্রকাশ পেয়েছে চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’র টিজার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় নিজের ফেসবুক আইডিতে এটি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা এ চিত্রনায়ক।

এর আগে নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি পোস্টার প্রকাশ করেন জায়েদ খান। পোস্টারটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। কারণ পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। আর পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা ছিল ‘শিকারী’।

তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি অন্য কোনো আয়োজন-সে বিষয়ে তখন কিছুই জানাননি চিত্রনায়ক। পরে অবশ্য নতুন পোস্টারে অনেকটাই পরিষ্কার হয় সেই রহস্য।

নতুন ওই পোস্টারে রাজকীয় একটি চেয়ারে বসা অবস্থায় দেখা যায় জায়েদ খানকে। তাকে ঘিরে রয়েছেন তিন নারী। পেছনে রয়েছে নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। পোস্টারে বড় করে লেখা ‘শিকারি’, সঙ্গে রয়েছে ‘কামিং সুন’ ঘোষণা।

পোস্টারের নিচের তথ্য অনুযায়ী তখনই জানা যায়, ‘শিকারি’ মূলত একটি গানের আয়োজন। এতে শিল্পী হিসেবে রয়েছেন সজীব ও রিমি। পরিচালনা করছেন বদরুদ্দুয়া সাগর।

অবশেষে ‘শিকারি’র টিজার প্রকাশের মধ্য দিয়ে চমক দেখালেন জায়েদ খান। যা প্রকাশ পাওয়ার পর ভক্তদের অনেকেই বলছেন- কাজটি বেশ সুন্দর হয়েছে, অপেক্ষায় থাকলাম।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মঞ্চ পরিবেশনায় দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *