আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আন্তর্জাতিকভাবে প্রশংসিত ওয়েব সিরিজ ‘অ্যানি’ এবার দেশের দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক এহসানুল হক।
প্রযোজক এহসানুল হক বলেন, ‘অ্যানি’ জার্মানির Seriencamp Festival-এ প্রশংসা অর্জন করেছে। এবার দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। তার ভাষায়, সিরিজটির গল্প বলার ধরন ও উপস্থাপনা দর্শকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা হবে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ শিগগিরই জানানো হবে।
এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো সাদের পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। কাজটি নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর এখন দেশের দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন। এটি তার নিজেরও অত্যন্ত পছন্দের একটি কাজ এবং এক্সপেরিমেন্টাল এই প্রকল্প তাকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিয়েছে।
তুষির মতে, সিরিজটি হয়তো সবার ভালো লাগবে না, তবে যারা সাদের নির্মাণশৈলীর সঙ্গে পরিচিত, তারা কাজটি উপভোগ করবেন।
গত জুনে Seriencamp Festival-এর ‘Women in Series’ বিভাগে প্রিমিয়ারের পর থেকেই ‘অ্যানি’ নিয়ে দেশের দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসা পাওয়ার পর এবার এটি বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিস্টোপিয়ান ঘরানার এই সিরিজের গল্প একটি ছোট শহরের নার্স অ্যানিকে কেন্দ্র করে। পাঁচ ভাইবোনকে একা হাতে বড় করার সংগ্রামের মধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক রহস্যময় রোগ। এতে আক্রান্ত পুরুষেরা নারীদের প্রতি অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে।
এই ‘হেইট প্যানডেমিক’-এর ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক রাতে এক মুখোশধারীর নৃশংস হামলার শিকার হয় অ্যানি। সেই ঘটনার পর তার জীবন ও মানসিকতায় আমূল পরিবর্তন আসে। নিজের অস্তিত্ব, নিরাপত্তা ও বেঁচে থাকার লড়াইয়ে তাকে পাড়ি দিতে হয় এক কঠিন ও অনিশ্চিত পথে।
