পঞ্চম বিয়ের সাড়ে তিন মাস পর মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়

ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনার কেন্দ্রে থাকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় এবার শেয়ার করলেন জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ। পঞ্চমবার বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মা হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সংসার শুরু করার কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন সুস্মিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই সুখবরটি জানান।

পোস্টে সুস্মিতা জানান, এই মাতৃত্বের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, সংগ্রাম এবং প্রথম সন্তান হারানোর গভীর বেদনা।

২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর স্মৃতি স্মরণ করে তিনি লেখেন, “২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।”

প্রথমবারের তিক্ত অভিজ্ঞতার কারণে পুরো গর্ভাবস্থার বিষয়টি গোপন রেখেছিলেন বলেও জানান তিনি। সন্তানের নিরাপদ জন্মের পরই সবার সঙ্গে এই সুখবর ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

স্বামী শুভাশিস দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্মিতা লেখেন, “যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাক শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।”

উল্লেখ্য, চলতি বছরের ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা রায়। পরে জানা যায়, বিয়ের সময় তিনি প্রায় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে হিসেবে বিয়ের সাড়ে তিন মাস পরই সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

টালিউড অভিনেতা সায়কের প্রাক্তন বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় একাধিক বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার সমালোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন। বিশেষ করে শুভাশিস দের সঙ্গে তার পঞ্চম বিয়ের খবর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে সব বিতর্ক পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *