দেশের বাজার তদারকি কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি বলেছেন, বাজার মনিটরিং ব্যবস্থার সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
রোববার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি প্রতিষ্ঠান একই লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে এ ব্যবস্থায় সক্ষমতার অভাবের চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
তিনি বলেন, ‘মোটিভেশন শুধু একটি ধারণা নয়, এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময়, দক্ষ নেতৃত্ব এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও ফলপ্রসূ করা সম্ভব।’
মো. আতাউর রহমান খান আরও বলেন, বাজার মনিটরিং কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে পরিচালিত হলেও সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থাও এ কার্যক্রমে সম্পৃক্ত। ফলে এটি একটি সমন্বিত সরকারি দায়িত্ব, যেখানে প্রতিটি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত অভিযান এবং দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনাই বাজার তদারকি ব্যবস্থার মূল শক্তি। এ কারণে প্রতিটি টিম লিডারকে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলভিত্তিক নেতৃত্ব প্রদর্শন করতে হবে।
টিম লিডারদের উদ্দেশে বাণিজ্য সচিব বলেন, মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত সমাধান করে কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগ সম্মিলিতভাবে দেশের বাজার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। এজন্য প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।
বাজার তদারকি ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনা অনুযায়ী শিগগিরই একটি পাওয়ার অ্যাপ উন্নয়ন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক মডেল সংযোজন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এসব প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের নজরদারি আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে বাজারে অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন।
কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
