নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার তিন দিনের মাথায় এবার মোহনগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, রোববার ভোরে ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে গেলে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই ব্যক্তি তার কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এসময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে সুজনকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। আসা করছি দ্রুতই হামলাকারীদের সনাক্ত করতে পারবো। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ নিহত হন। এর তিন দিনের মাথায় জেলায় আবারও গুলির ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
