চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে।

ডা. মাহবুব হাসান বলেন, মুসকান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। উন্নত চিকিৎসার জন্য একজন পুরুষ রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে হাসপাতালে মোট ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ৪০ জন নারী ও ১০ জন শিশু। শিশুদের মধ্যে ৮ জন ছেলে এবং ২ জন মেয়ে।

এদিকে, বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) নতুন করে ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৯৮০ জন ডেঙ্গু রোগী। এ সময়ে বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬৪ জনের। বছরের শুরু থেকে এ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ১৩৩ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *