রাজশাহীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’র গৌরব ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরো সবুজ করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহী সাংবাদিকবৃন্দ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী শহরকে সবুজায়িত করতে প্রায় দুই থেকে তিন যুগ ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালানো হয়েছে। এর মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের।অর্জিত এই গৌরব ধরে রাখতে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।
বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী
তিনি আরো বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে গত ১৭ বছরে রাজশাহী মহানগর ১৪ বার সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এর ফল হিসেবে রাজশাহী বর্তমানে দেশ ও আন্তর্জাতিক পরিসরে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায়ও মহানগরটি অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
