রাজধানীর কদমতলীর জনতাবাগ এলাকায় রাস্তা খুঁড়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, কোনো রকম বৈধ অনুমতি ছাড়াই রাতের আঁধারে রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস লাইন টানার কাজ চলছিল।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে কদমতলী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, রাস্তা কাটতেছে এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরবর্তীতে সিটি করপোরেশনের লোকজনও আসে। এ ঘটনায় আমরা ১১ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
