জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে। বাংলাদেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে তারা। আয়নাঘর নামে কোনো টর্চার সেল ছিল, এটা এ দেশের মানুষ কখনোই জানত না।’
তিনি বলেন, ‘আওয়ামী মাফিয়াগোষ্ঠী আয়নাঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষদের নির্যাতন করেছে। জামায়াতের এমপি আহমদ বিন কাশেমকে আট বছর ধরে আটকে রেখে নির্যাতন করেছে। বিনা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। এজন্য ২০২৪ সালে একটি অভ্যুত্থান হয়েছে। আল্লাহর গজব তাদের ওপর নেমে আসছে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘এত কিছু করার পরও তাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই। এদের শাস্তি দেবে আমাদের সরকার। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এই মাফিয়া সরকার সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে পারেনি। ২০০৬ সালে এ দেশে কোনো মাদক ছিল না। এসব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তারা নিজেরা মাদক খায়, আবার তারাই বিক্রি করে।’
এ সময় স্পিকার জনগণকে রাস্তাঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ‘লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধন-সম্পদ অর্জনের চেষ্টা করিনি। এখন তো অনেক এমপি হাজার হাজার কোটি টাকা বানান। জনগণের উদ্দেশ্যে স্পিকার আরও বলেন, বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে, সেদিকে সচেষ্ট থাকবেন।’
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন, বিএনপি নেতা জাকির হোসেন হাং, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
