রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও এ পরিস্থিতিকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ এ সংকট তৈরি করেনি, তাই একা এর সমাধানও সম্ভব নয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘প্রোট্র্যাক্টেড রোহিঙ্গা ক্রাইসিস: দ্য সার্চ ফর এ কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে দীর্ঘমেয়াদি এ সংকটের সমাধান সম্ভব নয়। মিয়ানমারকেই এর স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গঠিত জাতীয় রোহিঙ্গা কৌশল প্রণয়ন কমিটি সরকারের কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনেছে।

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করায় রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক বহুপক্ষীয় আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। চীনসহ আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতায় মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল। সেখানে ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের প্রয়োজন থাকলেও তাদের অবস্থান ও ভূমিকা এক নয়।

রোহিঙ্গাদের বাংলাদেশে স্থানীয়ভাবে পুনর্বাসন বা একীভূতকরণ কোনো গ্রহণযোগ্য সমাধান নয় বলেও স্পষ্ট করেন তিনি।

দিনব্যাপী সম্মেলনে রোহিঙ্গা সংকটের সামাজিক, অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, আন্তর্জাতিক দায়িত্ব ভাগাভাগি, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন, আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচার এবং ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের যৌথ আয়োজনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি ও ইউএনএইচসিআরের সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের সুপারিশের ভিত্তিতে সরকারের নীতিনির্ধারণে সহায়ক একটি ‘পলিসি ব্রিফ’ তৈরি করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *