অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গুরুতর আহত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছিল। শুটিংয়ের শেষ দিনে গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেন কার্তিক। দৃশ্যটির শুটিং চলাকালেই হাঁটুতে গুরুতর চোট পান তিনি।

পরে দ্রুত তাকে মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এক দিনের মধ্যেই কার্তিকের হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে।

কবীর খানের ক্রীড়ানির্ভর এই সিনেমায় কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দেওয়া কোচের চরিত্রে দেখা যাবে কার্তিককে।

বাস্তব জীবনের ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। মুম্বাই ও কাশ্মীরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।

এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হচ্ছে কার্তিকের। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে কবীর খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।

চোট থেকে সুস্থ হওয়ার পর কার্তিকের পরবর্তী কাজ হিসেবে অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক সিনেমায় ফেরার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন শ্রীলীলা। সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।

কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৪ সালে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। মুরলিকান্ত পেটকারের জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও কার্তিকের ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করে। এই সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *