প্রায় সাড়ে ৫ মাস অভিভাবকহীন থাকার পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুদকের অষ্টম কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার বুধবার (১৯ আগস্ট) সকালে দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেন।
এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতার অবসান হলো।
সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, অনুসন্ধান-তদন্তে গতি এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।
গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের কারণে দুদক কমিশন শূন্য হয়। দীর্ঘ ১৬৬ দিন শূন্য থাকার পর ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও ২ কমিশনার নিয়োগ পান।
