বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছরের মাথায় তিনি পদে না থাকার পদক্ষেপ নিলেন। হঠাৎ তাঁর এ সিদ্ধান্তে পিএসসি ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
প্রশ্ন উঠেছে, তাঁর পদত্যাগের পেছনে মূল কারণ কী—সরকারি চাপ, নাকি ব্যক্তিগত কারণ?
১২ আগস্ট এই প্রতিবেদকের সঙ্গে নিজ কার্যালয়ে কথা বলেছিলেন পিএসসি চেয়ারম্যান। সেদিন এক ভিডিও সাক্ষাৎকারে তিনি ৫০তম বিসিএসের সর্বশেষ অবস্থা, আগামী নভেম্বরে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং কম্পিটেন্সি বেজড (দক্ষতাভিত্তিক) বিসিএসের ভাইভা চালুর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেদিনের দীর্ঘ আলাপে পদত্যাগের বিষয়ে বিন্দুমাত্র আভাসও দেননি তিনি। সেই সাক্ষাৎকারের মাত্র ছয় দিনের ব্যবধানে এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
পদত্যাগের নেপথ্যে কী
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, মূলত সরকার না চাওয়ার কারণেই তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র জানায়, মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার পর বিসিএসের প্রচলিত ধারায় বেশ কিছু পরিবর্তন আনেন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে ‘সার্কুলার ইভাল্যুশন সিস্টেম’ চালু করেন। মৌখিক পরীক্ষায় সনাতনী পদ্ধতির বদলে ‘কম্পিটেন্সি বেজড ভাইভা’ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিসিএসের প্রস্তুতিতে কোচিং-নির্ভরতা কমাতে ৪৭তম বিসিএসের প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। সামনে সিলেবাস ও প্রশ্নবিন্যাসে আরও পরিবর্তন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তবে সরকারের চাপ বা অসন্তোষের বিষয়গুলো পুরোপুরি অস্বীকার করেছেন পিএসসি চেয়ারম্যান। তাঁর দাবি, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ নয়; শারীরিক অসুস্থতা এবং শিক্ষকতায় ফেরার ইচ্ছা থেকেই তিনি পদ ছাড়ছেন।
