মেসি-ডি পলের ‘নিষেধাজ্ঞা’ নিয়ে নতুন সিদ্ধান্ত

টানা দ্বিতীয় বছরের মতো মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেমে অংশ নিচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে গত বছরের মতো এবার তাকে কোনো ধরনের শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না। একই সুবিধা পাচ্ছেন ইন্টার মায়ামির সতীর্থ ও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও।

মেসিসহ অল-স্টার স্কোয়াড থেকে সরে দাঁড়ানো চার খেলোয়াড়ের পরিবর্তে নতুন চারজনকে দলে অন্তর্ভুক্ত করেছে এমএলএস। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহের্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেল এবার অল-স্টার দলে সুযোগ পেয়েছেন। এছাড়া মন্টেরিতে যোগ দেওয়ায় গোল্ডেন বুট দৌড়ে থাকা হুগো কাইপার্সও এবারের প্রদর্শনী ম্যাচে থাকছেন না।

আগামী বুধবার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএস অল-স্টার দল মুখোমুখি হবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার একাদশের। মেসির অনুপস্থিতিতে এমএলএস দলের মূল আকর্ষণ হিসেবে থাকবেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন ও জার্মান তারকা থমাস মুলার। তাদের সঙ্গে খেলবেন যুক্তরাষ্ট্রের ম্যাট ফ্রিজ, টিম রিম ও ম্যাক্স আরফস্টেন।

গত বছর এমএলএসের নিয়ম অনুযায়ী চোট ছাড়া অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও জর্ডি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপের ব্যস্ত সূচি বিবেচনায় রেখে এবার নিয়মে বিশেষ ছাড় দিয়েছে লিগ কর্তৃপক্ষ। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে ক্লাব ও খেলোয়াড়দের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএলএস জানিয়েছে, বিশ্বকাপ-পরবর্তী সময়সূচি মাথায় রেখেই মৌসুম শুরুর আগে এ নীতি নির্ধারণ করা হয়েছিল। ফলে মেসি ও ডি পলকে অল-স্টার গেমে না খেললেও কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে না।

অন্যদিকে, লিগা এমএক্স অল-স্টার দলে থাকছেন মেক্সিকোর বিশ্বকাপ দলের পাঁচ ফুটবলার—গিলবার্টো মোরা, এরিক লিরা, জেসুস গ্যালার্দো, আরমান্ডো গঞ্জালেজ ও ব্রায়ান গুতিয়েরেস। এছাড়া দলটিতে অভিজ্ঞ কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসও খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *